কিশোরগঞ্জে রাতের আড্ডা থেকে ২৫ কিশোর আটক

- ৬:১১ পিএম | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের জিম্মায় কিশোরদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও আড্ডাস্থলে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করা হয়।
পুলিশ জানায়, রাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার সুযোগে কিশোররা মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। এ কারণে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পরিচিত আড্ডাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযানকালে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া কিশোরদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। সন্দেহজনক আচরণের কারণে ২৫ জনকে থানায় নেওয়া হয়। পরে তাঁদের পরিচয় যাচাই করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়।
মঙ্গলবার সকালে অভিভাবকেরা থানায় উপস্থিত হলে সন্তানদের গতিবিধির প্রতি আরও নজর রাখার পরামর্শ দেয় পুলিশ। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার অঙ্গীকারসংবলিত মুচলেকা নেওয়ার পর কিশোরদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিভাবক আকলিমা আক্তার বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পাশাপাশি পরিবারের সচেতনতাও জরুরি। পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত উদ্যোগে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমে ইতিবাচক সাফল্যও পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ সুপারের উদ্যোগে শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এর মাধ্যমে কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।





















