কিশোরগঞ্জে ছাত্রদল নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও ভাইরাল

- ৩:১৪ এএম | ১২ জুন ২০২৬ | শুক্রবার
কিশোরগঞ্জে ছাত্রদলের এক সাবেক নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে যাকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মামুন। প্রায় ৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে একটি কক্ষে বসা অবস্থায় তার হাতে ফয়েল পেপার, গ্যাসলাইট এবং মুখে পাইপসদৃশ বস্তু দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর অনেকেই এটিকে মাদক সেবনের দৃশ্য বলে মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে মাদকবিরোধী অবস্থান জোরদারের দাবি ওঠে। স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুল ইসলাম মামুন। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি বাস্তব নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মামুন জানান, বিষয়টি তদন্তের দাবিতে তিনি কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত তদন্তের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ বলেন, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে সংগঠনের নিয়মিত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনে দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ ব্যক্তিদের প্রয়োজন, এবং মাদকসংক্রান্ত অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত।
ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক চললেও ঘটনাটি কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য প্রকাশ পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















