জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

- ১১:০০ পিএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের শহীদি মসজিদ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, কৃষি উৎপাদন, পণ্য সরবরাহ ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বৃদ্ধি পায়। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।
তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আগে থেকেই অর্থনৈতিক চাপে রয়েছে। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে।
বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনস্বার্থে দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















