কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

- ১২:২৯ এএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কিশোরগঞ্জ জেলা শহরে একটি ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা এলাকার ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা সাব্বির (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক নিয়োজিত ছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে লোহার রড টেনে নেওয়া হচ্ছিল।
একপর্যায়ে রডটি ভবনের বাইরের অংশে থাকা একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসে। এতে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
দুই শ্রমিকের মৃত্যুতে তাঁদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।





















