নাটোর-বগুড়া মহাসড়কের ১৫ স্থানে ধস

- ১২:২২ এএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় অন্তত ১৫টি স্থানে সড়কের কিনারা ধসে পড়েছে। কয়েকটি অংশে ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কে ধস দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানে বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি নির্মাণকাজের মান যাচাই এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মহাসড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, নাটোরে দায়িত্ব নিয়েছি অল্প কিছুদিন হলো।
সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।





















