শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

- ৭:৫৪ পিএম | ১৮ অক্টোবর ২০২৫ | শনিবার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।
এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীও ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুন লাগে।
বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে।
এর ২০ মিনিট পর আগুন ছড়িয়ে পড়ে কেমিক্যাল গোডাউনে, যেখানে দাহ্য পদার্থের সংস্পর্শে এসে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো ভিলেজজুড়ে।
কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিকাল সাড়ে ৩টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ জানান,
“বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় ইতোমধ্যে একাধিক ফ্লাইট অবতরণ করেছে।
এদিকে, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে রয়েছে।
ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ার (OD–163) ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।
ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগো (6E–1116) ফ্লাইটটিও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে।
দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়।
শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে নেমেছে।
হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি ঢাকায় অবতরণ না করতে পেরে চট্টগ্রামের আকাশে চক্কর দিচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর–ঢাকা ফ্লাইট ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে নেমেছে।
একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম–ঢাকা ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় ফিরে গেছে।
শনিবার বিকেল ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি–৩৪০ ফ্লাইট ৩৯৬ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন,
“কার্গো সেকশনের পাশে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস, বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তিনি আরও বলেন, “যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”






















