এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর-সাদিক কায়েম

- ১:৪৩ পিএম | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তার ভাষ্য, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সকাল থেকে একাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। সবকিছু স্বাভাবিক ও সুন্দর রয়েছে। শেষ পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত সবকিছু ইতিবাচকভাবে হচ্ছে।”
শিক্ষার্থীদের ভোটের আগ্রহের বিষয়ে সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। এ ধারা যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ ফলাফল আসবে বলে আমি বিশ্বাস করি।”
অন্যদিকে, এবারের নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নিজ দলের নেতা-কর্মীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থেকে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।
ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।






















