মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০ জন

- ৮:৪৩ পিএম | ২৫ নভেম্বর ২০২৫ | মঙ্গলবার
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মধ্যরাতে দেশটির খোস্ত প্রদেশের গোরবুজ এলাকায় একটি বসতবাড়িতে পাকিস্তান বিমানবাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে কাবুল কর্তৃপক্ষ।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, লক্ষ্যবস্তু করা ওই বাড়িতে বিস্ফোরণে ৯ শিশু এবং এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। হামলার পর ধ্বংসস্তূপে পরিবারটির আর কাউকে জীবিত পাওয়া যায়নি।
তিনি জানান, ওই বাড়িটি স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের ছেলের মালিকানাধীন ছিল। হামলার ঘটনার ছবি ও তথ্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন।
এদিকে একই রাতে কুনার ও পাকতিকা প্রদেশেও কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পাকিস্তান এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।






















