ভোর থেকেই বিমানবন্দরে খালেদা জিয়ার অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা

- ১০:২৫ পিএম | ০৭ মে ২০২৫ | বুধবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে ) দেশে ফিরছেন। তার দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানাবিধ প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। বিশেষত, দীর্ঘ ১৭ বছর পর খালেদা জিয়ার পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দেশে ফেরার খবর বিশেষ মাত্রা যোগ করেছে। দলটির নেতাকর্মীদের মধ্যে জুবাইদার এ প্রত্যাবর্তনে অন্যরকম চাঙাভাব বিরাজ করছে।
কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের কারো হাতে দলীয় পতাকা, আবার কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা। বিমানবন্দরের সামনের সড়ক সকাল আটটার আগেই নেতাকর্মীদের পদচারণায় ভরে উঠেছে।
উত্তরা থেকে এসেছেন ঢাকা উত্তর যুবদল কর্মী খালেক মিয়া। তিনি বলেন, প্রিয়মুখ, প্রিয় নেত্রীর আগমন আমাদের আনন্দ দিচ্ছে। ভোরেই চলে এসেছি। নেত্রীকে একনজর দেখতে চাই। জানান দিতে চাই আপসহীন দেশনেত্রীর পাশে আছে পুরো দেশ।
কাপাসিয়া থেকে এসেছেন আসাদ। তিনি বলেন, ফজরের নামাজ পড়েই রওয়ানা দিয়েছি। প্রায় তিন মাস নেত্রীর দেখা নেই। অসুস্থ ছিলেন। প্রতিদিন তার জন্য দোয়া-খায়ের করেছি। সৃষ্টিকর্তার মেহেরবানীতে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন। এর চেয়ে বড় কিছু হতে পারে না। আজ সেই আপসহীন নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে চাই।
যুবদল কর্মী সুজন উত্তরা থেকে কয়েকজনকে নিয়ে এসেছেন। তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন। গণতন্ত্রের মা দেশে ফিরছেন, নেতাকর্মীদের আগমনে ভরে গেছে ঢাকা শহর। সাবেক সফল প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি শুভেচ্ছা জানাতে এসেছি।






















