আইপিএল নিলামে মোস্তাফিজ – সাকিব

- ৩:৩০ এএম | ০৩ ডিসেম্বর ২০২৫ | বুধবার
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম।
আসন্ন এই নিলামে দল পাওয়ার আশায় নাম লিখিয়েছেন বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জন ক্রিকেটার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় থাকা বাংলাদেশের
দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তিমূল্য প্রকাশ করা হয়েছে। আইপিএলে এবার মিনি নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন।
তাঁদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান
আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ১ কোটি রুপি।
বাঁহাতি পেসার মুস্তাফি নিজেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রেখেছেন। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।
আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজ এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২৫ আসরে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।
অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজের নাম নিবন্ধন করেছেন।
আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলেছেন সাকিব। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে।
এবারের নিলামে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে,
নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এমনকি মালয়েশিয়া থেকেও ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং (৩০ লাখ রুপি ভিত্তিমূল্য) নাম লিখিয়েছেন।
নিলামে মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম লেখালেও ১০টি দলের জন্য ফাঁকা স্লট আছে মাত্র ৭৭টি।
এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ৩১টি স্লট। ফলে দল পেতে হলে সাকিব-মুস্তাফিজদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।






















