খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

- ৬:২১ পিএম | ০৫ আগস্ট ২০২৬ | বুধবার
ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফে জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিলকে কেন্দ্র করে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে ইসলামী গবেষক ও লেখক সৈয়দ আহমদ বখত মতিন রচিত নতুন গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বাদ মাগরিব সৈয়দ হামিদ বখত ডুমন (রহ.)-এর মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এম. এ. হান্নান।
হাজিরাতুল কুদসিয়া, খান্দুরা দরবার শরীফের সৈয়দ মাসুদ বখত (কায়েদ)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সুফি গবেষক ও লেখক আবদেল মান্নান, সৈয়দ সোহেল আব্দাল, সৈয়দ সাজ্জাদ মোরশেদ শুভ, চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ ভুঁইয়া, বিএনপি নেতা নূরে আলম, যুবদল নেতা মো. জামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান লেখক সৈয়দ আহমদ বখত মতিনের গবেষণা ও সাহিত্যকর্মের প্রশংসা করেন। তিনি লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বইটিতে উল্লেখিত আমল ও দিকনির্দেশনাগুলো দৈনন্দিন জীবনে অনুসরণের আহ্বান জানান।
এ সময় তিনি পরিবারসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
আয়োজকরা জানান, লেখকের পূর্বে প্রকাশিত ‘মহাকালের আয়না’ ‘পাকপাঞ্জতন’ ‘চিশতীয়ার কিস্তি’ এবং ‘খানায়ে দাওরা হতে খান্দুরা’ গ্রন্থ পাঠকমহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। নতুন প্রকাশিত ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ গ্রন্থটিও আধ্যাত্মিক অনুশীলন ও ইসলামী জীবনচর্চায় আগ্রহী পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
মোড়ক উন্মোচনের পর শুরু হয় রাতব্যাপী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিল। মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এহসানুল হাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় আয়োজনটি সম্পন্ন হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাদ ফজরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।






















