ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

- ১১:৩৩ এএম | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ।
সকাল থেকেই প্রায় সব কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সকাল সকাল এসে ভোট প্রদান সম্পন্ন করতে চান। এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে দেওয়া হয় এবং তা সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে ভোটের জন্য উন্মুক্ত করা হয়।
ভোটকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি প্রবেশপথে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে রয়েছেন ৪ জন।
মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।






















