নির্বাচনে বাধা আসবেই, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

- ১১:২৫ এএম | ০৩ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নানা উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। ইতোমধ্যে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। তাই সবার আরও সতর্ক হতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, যত বাধাই আসুক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যাদের জীবনে ভোট দেওয়ার সুযোগ হয়নি, তাদের এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। আবার যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারাও যেন এবার সন্তুষ্ট হন। কেউ যেন অভিযোগ করতে না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি।
অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের চেষ্টা হবে নির্বাচনের আয়োজন করা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই তা অনুষ্ঠিত করা। এরপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।” তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “এবারের নির্বাচন অনন্য। এটি শুধু অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের ও সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা পূরণ হবে। এটি হবে নিজেদের পায়ে দাঁড়িয়ে, নিজেদের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন।”
তিনি আরও বলেন, “প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। তাই আমাদের সঠিক, স্থির এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে নির্বাচন সফল হবে।”
দুর্গাপূজার সময় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গণ্ডগোল তৈরির চেষ্টা হতে পারে, তবে সতর্ক থাকতে হবে। এবারের দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।”
বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেয়।






















