পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা ২০০০ টাকা

- ১১:১৮ পিএম | ০২ জানুয়ারি ২০২৬ | শুক্রবার
পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে সরকার।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আওতায় এবার তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় যুক্ত করা হয়েছে ই-সিগারেটসহ সব ধরনের উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য।
এসব পণ্য ব্যবহার করলে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে।
নতুন সংশোধনী অনুযায়ী, ই-সিগারেট, ইলেক্ট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস), হিটেড টোব্যাকো প্রডাক্ট (এইচটিপি),
নিকোটিন পাউচসহ সব আধুনিক ও উদ্ভাবিত তামাকজাত দ্রব্য এখন থেকে সরাসরি আইনের আওতায় থাকবে।
এর ফলে এসব পণ্যের ব্যবহার, প্রচার ও বিক্রির ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তরুণ সমাজের মধ্যে ই-সিগারেট ও নিকোটিন পাউচের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে।
অনেকেই এগুলোকে তুলনামূলক নিরাপদ মনে করলেও বাস্তবে এসব পণ্য মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ফুসফুসের রোগ, হৃদরোগ, ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায় এসব নিকোটিনজাত দ্রব্য।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো। তাদের মতে, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে পাবলিক প্লেসে ধূমপান কমবে, পাশাপাশি নতুন প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষা করা সম্ভব হবে।
সচেতন মহল মনে করছে, জরিমানার পাশাপাশি নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তোলা আরও সহজ হবে।






















