প্রধান উপদেষ্টা সোমবার মালয়েশিয়া যাচ্ছেন, শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা

- ১১:৩২ এএম | ১০ আগস্ট ২০২৫ | রবিবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যা দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা উজ্জ্বল করেছে।
এ খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আশা করছেন, শ্রমবাজারের পাশাপাশি অবৈধ কর্মীদের বৈধতা, ভিসা জটিলতা এবং অন্যান্য দীর্ঘদিনের সমস্যার সমাধানেও এ সফর অগ্রগতি আনবে। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, “আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার আবার সব শ্রেণির মানুষের জন্য খুলে যাক। এতে দেশে কর্মসংস্থান বাড়বে এবং এখানে থাকা প্রায় ১২ লাখ বাংলাদেশির সমস্যা কমবে।” একই প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী মকবুল হোসেন জানান, “এই সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, অবৈধ কর্মীদের বৈধতা এবং ভিসা সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি।”
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “সর্বোচ্চ পর্যায়ের এ সফর অনেক প্রতিবন্ধকতা দূর করবে। দুই দেশের সরকারপ্রধানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, যা আমরা সর্বোচ্চ কাজে লাগাব।” কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে শীর্ষ বৈঠক হবে। আলোচনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে। সম্ভাব্য এমওইউগুলো হলো—প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মিমোসের মধ্যে চুক্তি, এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই)-এর মধ্যে চুক্তি। এছাড়া নোট বিনিময়ের বিষয়গুলোর মধ্যে রয়েছে হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশানস (আইডিএফআর)-এর মধ্যে সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতের উন্নয়ন।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানিয়েছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সফরের সময় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ায় পৌঁছানোর পর ড. ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজিত ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন এবং ইউকেএম থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া তিনি মালয়েশিয়ার কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক ও সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফর শেষে আগামী ১৩ আগস্ট ড. ইউনূস ঢাকায় ফিরবেন।






















