বিচারক নিয়োগে উচ্চ আবেদন ফি কমানোর দাবি

- ৬:৩৫ পিএম | ২০ সেপ্টেম্বর ২০২৫ | শনিবার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) আয়োজিত ১৮তম বিজেএস পরীক্ষা-২০২৫-এর আবেদন ফি নির্ধারণ নিয়ে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ করা হয়েছে, এই পরীক্ষার আবেদন ফি হিসেবে ১২০০ টাকা ধার্য করা হয়েছে, যা অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার তুলনায় অনেক বেশি।
পরীক্ষার্থীরা বলছেন, সাধারণত সরকারি নিয়োগ পরীক্ষায় আবেদন ফি ১১১ থেকে ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।
অথচ বিচারক নিয়োগ পরীক্ষায় ১২০০ টাকা ফি ধার্য করা হয়েছে,
যা শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের সন্তানদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, উচ্চ আবেদন ফি নির্ধারণের কারণে অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে নিরুৎসাহিত হবেন, ফলে প্রকৃত প্রতিযোগিতার পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে।
শিক্ষার্থীদের দাবি, আবেদন ফি কমিয়ে আনলে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং যোগ্য প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এতে বিচার বিভাগে আরও দক্ষ ও যোগ্য বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে অ্যাডভোকেট শামীম হক বলেন, “আমি ২০ তারিখ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলেছি।
এরই মধ্যে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা এতে সাড়া দিয়েছেন।
আশা করি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবে।”
শিক্ষার্থীরা মনে করছেন, অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার মতোই যৌক্তিক ফি ধার্য করা উচিত।
তারা দাবি জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১২০০ টাকা ফি কমিয়ে সবার সাধ্যের মধ্যে আনা হোক।






















