রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহর মধ্যে বরফ গলতে শুরু করেছে

- ১:৩৬ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাকযুদ্ধের কারণে আলোচনায় ছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে তাদের মধ্যে সম্পর্কের শীতলতা কাটতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলেছে।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি একটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই সেটিকে স্বাগত জানাই।”
এর আগে নির্বাচন কমিশন ভবনে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোগুলোতেও তারা একে অপরকে নিয়ে সমালোচনায় জড়ান। উঠান বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “শুধু নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন সংস্কার ও বিচারও। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, “এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।”
বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।






















