সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

- ৭:০৮ পিএম | ০৭ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার
কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর নামের ৭০ বছরের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
সোমবার প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ সময় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বৃদ্ধ আলী আকবর তার ছেলের জন্য সুদের ওপর টাকা নিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে অভিযুক্ত বোরহান চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় লোকজন এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত- আজগর মিয়ার মেয়ের জামাই।
তিনি শ্বশুর বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন।
আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেন।
বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ দেন।
ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
এদিকে ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে। অনেকেই দোষীদের শাস্তির দাবি জানান।






















