সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

- ৭:৩৬ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে চার বছরের এক শিশুসহ আটজন আহত হয়েছেন।
কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল, দেওডোবা ও মনিরাম এলাকায় এসব ঘটনা ঘটে।
পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে মেরে ফেলেন।
আহতরা হলেন—জামাল গ্রামের আব্দুল হান্নান (৫০), তোফাজ্জল হোসেন (৭০) ও ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের সোহাগ মিয়া (৪)
ও আতোয়ার রহমান (৫০); মনিরাম গ্রামের জহুরুল ইসলাম (২৫) ও রুবেল মিয়া (৩০)।
অপর আহত ব্যক্তি হাসান আলী (৬০) পাশের রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী হাসান আলী দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির কামড়ের শিকার হন।
পরে কুকুরটি বামনডাঙ্গার কয়েকটি এলাকায় আরও সাতজনকে কামড়ায়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।
আহতদের কয়েকজন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে প্রতিবেদককে জানিয়েছেন স্থানীয়রা।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন।
তাঁদের মধ্যে একজন পীরগাছা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে তাঁদের হাসপাতালে আসা চারজনকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।





















