জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ব্যক্তিদের যাচাই

- ১০:৪৭ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে জড়ো হয়েছেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে সহায়তা করেছে বলেও জানান তিনি।
ডিসি হারুন বলেন, ওই ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন এবং কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়েও পুলিশের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি।
যাচাই-বাছাইয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাঁদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থল পল্টন থানার আওতাধীন।





















