ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে ট্রাম্পের সম্মতি: জেলেনস্কি

- ১১:১৩ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অডিও বার্তায় তিনি এ কথা বলেন।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন দীর্ঘদিন ধরে আরও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পাওয়ার চেষ্টা করছে।
প্রস্তাবিত অনুমতি কার্যকর হলে ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। তবে রাডার ও উৎক্ষেপণকেন্দ্রের মতো অন্যান্য সরঞ্জাম এর আওতায় আসবে না। সেসব সরঞ্জামের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের ওপর কিয়েভের নির্ভরতা থাকবে।
জেলেনস্কির বক্তব্যে ট্রাম্পের সম্মতির কথা জানানো হলেও লাইসেন্স ইস্যু বা ইউক্রেনে উৎপাদন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।





















