নড়াইলে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

- ৯:৪৭ পিএম | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | বুধবার
নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আফসানা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আফসানা পার্শ্ববর্তী শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ দিন আগে আফসানা তার নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে আফসানা পানিতে ডুবে যায়।
আফসানাকে দেখতে না পেয়ে স্বজনেরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আফসানার পরিবার ও নানাবাড়ির স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান শেখ বলেন, প্রায় পাঁচ দিন আগে আফসানা নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সমবয়সীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, দুপুরে কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে আফসানা পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে নানাবাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।





















