শহিদ ফেলানী হলে আধুনিক রিডিং রুম উদ্বোধন

- ১০:৩৫ পিএম | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | বুধবার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহিদ ফেলানী হলের শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে হলের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্ষ দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শহিদ ফেলানী হলের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। গরমের দিনে কিংবা পরীক্ষার সময় শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পড়াশোনা করতে পারেন, সে জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আধুনিকায়নের অংশ হিসেবে রিডিং রুম ও সেমিনার রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে হলের শিক্ষার্থীদের পড়াশোনা ও একাডেমিক কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং শহিদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা উপস্থিত ছিলেন। এ ছাড়া হলের সহকারী প্রভোস্ট, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।





















