ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

- ২:০৯ এএম | ১২ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরে হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ সংরক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান।
তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয় পর্যায়ে তুলে আনা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।
খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ ও সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।






















