অষ্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

- ১২:০৫ এএম | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইটুরদিয়া গ্রামে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অষ্টগ্রাম উপজেলার মো. মিলন হোসেন (২৮), টাঙ্গাইলের নাগরপুরের মো. শামীম (৩৪) ও সাইফুর রহমান (৩২) এবং হবিগঞ্জের বাহুবলের মো. জাকিরিয়া (১৯)।
পুলিশ জানায়, ইটুরদিয়া গ্রামের একটি দোকানের সামনে কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সরে যাওয়ার চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অষ্টগ্রাম ও আশপাশের এলাকায় গাঁজা কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তি ও সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।





















