পিরোজপুর সদর ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

- ১২:০৮ এএম | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার
পিরোজপুর সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি হয়।
শুরুতে ইউএনও ও সাংবাদিকরা পরস্পরের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ ও স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় তাঁর নজরে আনেন। ইউএনও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ইউএনও মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে তথ্য সঠিক ও বস্তুনিষ্ঠ রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে ইউএনও বলেন, আমি সর্বদা আপনাদের পরামর্শ চাই। জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সাংবাদিকরা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে।
সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার, সাংবাদিক খালিদ আবু ও মনিরুজ্জামান নাসিম আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















