ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

- ৫:৪৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | শনিবার
আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে তারেক রহমান বগুড়া সফরে যাচ্ছেন।
সরকারপ্রধান হিসেবে নিজ জেলা বগুড়ায় এটিই হবে তাঁর প্রথম সরকারি সফর।
ওই দিন বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করবেন তিনি।
সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি চালু হবে।
বগুড়ার পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন বস্তি এলাকা, রাজবাড়ী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া,
বান্দরবান, খুলনা, ভোলা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁও ও দিনাজপুরের নির্ধারিত ওয়ার্ডগুলোতে একযোগে কার্যক্রম শুরু হবে।
পাইলট প্রকল্প হিসেবে শুরু
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে।
প্রথম পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন।
প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
সম্প্রতি ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)–এর মাজার জিয়ারত শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন,
কিছু অসাধু ব্যক্তি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে।
সরকার স্পষ্টভাবে জানিয়েছে—এই কার্ড পেতে কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।
সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হবে এবং কোনো ধরনের দলীয়করণ হবে না।
কমিটি গঠন ও তথ্য সংগ্রহ শুরু
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে ইতোমধ্যে উপকারভোগীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও আলাদা কমিটি কাজ করছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।






















