এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ, শাহরিয়ার নাজিম জয়ের বিতর্কিত পোস্ট

- ৬:১৭ পিএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার
রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় সামান্য রক্তক্ষরণও হয়েছে এবং তার এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।
এমন পরিস্থিতিতে আহত নুরের সুস্থতার জন্য তার পরিবার ও নেতাকর্মীরা দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নুরের প্রতি সহানুভূতি জানিয়ে তার সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।
তবে এই গুরুতর অবস্থায় নুরকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শনিবার ভোরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি গণঅধিকার পরিষদের সভাপতির সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
জয় তার পোস্টে লিখেছেন, “ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যানসেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।”
জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ কেউ লিখেছেন, “এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।” আবার কারো মন্তব্য, “আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।” অনেক ব্যবহারকারী মনে করেন, জয় সবসময় আলোচনায় থাকার জন্য এমন পোস্ট দেন।






















