জমিয়তকে আসন ছাড়ল বিএনপি, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

- ৬:৩৪ পিএম | ২৩ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে।
বিএনপি এ আসনটি ছেড়ে দিয়েছে তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-কে।
ফলে বিএনপির মনোনয়ন না পেয়ে দলের তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি জোটের সিদ্ধান্ত অনুযায়ী জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি
মাওলানা জুনায়েদ আল হাবিব প্রার্থী হবেন এবং তিনি দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচন করবেন।
এ আসনে বিএনপির প্রত্যাশিত মনোনয়ন না পেয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির
আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে ও আক্তার হোসেন-ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি প্রার্থীরা অতীতে ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হয়েছেন।
তবে এবার জোটের সিদ্ধান্তে আসন ছাড় দেওয়ায় স্থানীয় রাজনীতিতে দেখা দিয়েছে বিভক্তি।
মাঠপর্যায়ে দীর্ঘদিন সক্রিয় থাকা রুমিন ফারহানার জনপ্রিয়তা নারী ভোটার ও সাধারণ মানুষের মধ্যে তুলনামূলক বেশি বলে দাবি তাঁর সমর্থকদের।
রুমিন ফারহানা জানিয়েছেন, বুধবার তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। একই কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া অন্য দুই বিএনপি নেতাও।
স্থানীয় বিএনপি নেতাদের আশঙ্কা, একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকলে ভোট বিভাজনের মাধ্যমে আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে।
তবে দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর।






















