নাজিরপুরে ব্র্যাকের সচেতনতামূলক সভা

- ৬:২৯ পিএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
পিরোজপুরের নাজিরপুরে সামাজিক ক্ষমতায়ন, মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও
আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও
আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলার গিলাতলা স্বপ্ন সারথি দলে ‘সহমর্মিতার বীজ বুনি—পর্ব ১’ শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হয়।
সেশনে মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানো, প্রত্যেককে প্রাপ্য সম্মান দেওয়া এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে কিশোরীরা যেন পরস্পরকে সহযোগিতা করে এবং সহমর্মিতার সঙ্গে এগিয়ে যায়, সে বিষয়ে সচেতন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পিরোজপুর জেলা ব্যবস্থাপক নিত্যানন্দ শীল বলেন,
অর্থের অভাবে অনেক কিশোরী নিয়মিত লেখাপড়া করতে পারছে না।
সমাজের সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।
তিনি আরও বলেন, মানুষের পেশা, পরিচয় ও জীবনযাপনে ভিন্নতা থাকলেও সবাই পরস্পরের ওপর নির্ভরশীল।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে ওঠে।
বক্তারা বলেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তোলা জরুরি।
কোনো মানুষ যেন অন্যায়, বৈষম্য কিংবা অধিকারবঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সাধারণ মানুষের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো,
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের যথাযথ প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় ব্র্যাকের কর্মকর্তা মোছা. শাকিলা আরজু ও দোলা শিকদার, শিক্ষক মো. নিয়ামতুল্লাহ, সমাজসেবক মো. জহুরুল ইসলাম,
আইনজীবী মো. মোখলেছুর রহমান এবং প্রশাসনিক প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন আয়োজক ও অতিথিরা।





















