অষ্টগ্রামে সংঘর্ষ: কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও

- ১১:৪৫ পিএম | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | রবিবার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের হাতে কুড়াল দেখা যায়—
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাওকিরের দাবি, সংঘর্ষ থামাতে তিনি অন্য একজনের হাত থেকে কুড়ালটি নিয়েছিলেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজার এলাকায় সংঘর্ষ হয়।
এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
ভিডিওতে তাওকিরকে কুড়াল হাতে প্রতিপক্ষের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তিনি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের ছেলে।
ভিডিওর বিষয়ে জানতে চাইলে তাওকির বলেন, ‘সংঘর্ষ থামানোর জন্য অন্য একজনের হাত থেকে কুড়ালটি নিয়েছিলাম।
আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কুড়ালটি হাতে নিইনি।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক বলেন, তাঁরা বিষয়টি জানেন, তবে এ মুহূর্তে মন্তব্য করতে চান না।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, ভিডিওটি দেখে তাঁরা বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের জানিয়েছেন। জেলা পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ‘বিষয়টি এখনও জানা নেই। দেখে ব্যবস্থা নেব।’
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কিশোরগঞ্জ জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বলে প্রতিবেদকের সংগৃহীত তথ্যে জানা গেছে।





















