জাকসু প্রশাসন ছাত্রশিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে- শেখ সাদী

- ১:৫৩ পিএম | ১১ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।
ভোট প্রদানের আগে শেখ সাদী বলেন, “প্রশাসন ছাত্রশিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ভোট গণনার জন্য যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সহযোগিতাপুষ্ট কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই, ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।”
তিনি আরও বলেন, “ভোট দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের এবং হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আশা করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন। আমরা দেখেছি, গতকাল (বুধবার) রাত থেকেই ছাত্রশিবির এবং ঘুমন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত। কারণ গতকাল রাত থেকে যে আয়োজন হচ্ছে তা ভোট ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে পারে।”
ভোট প্রদান শেষে শেখ সাদী বলেন, “দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। জেন-জেড ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কিন্তু গতকাল রাত থেকে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। আমরা লিখিতভাবে অভিযোগ করেছি এবং চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।”
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা করা হচ্ছে। ডাকসু নির্বাচনেও তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠেছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা গ্রহণ করবে না।
অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট ছাপানোর বিষয়ে সাদী মন্তব্য করেন, “প্রশাসন কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এটি করেছে। শিক্ষার্থীরা কোনো ধরনের অসঙ্গতি দেখলে প্রতিরোধ করবে। আমরা আশা করি, দেশের স্বার্থে শিক্ষার্থীরা ছাত্রদলকে বেছে নেবে।”






















