একটি মহল চায় না যে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক-মির্জা ফখরুল

- ৪:২৭ পিএম | ২৭ আগস্ট ২০২৫ | বুধবার
সরকারের ভেতর একটি মহল চায় না যে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। তবে আগামী ১০ মাসের মধ্যে যদি নির্বাচন দেওয়া হতো, তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “সরকারের মধ্যে একটি শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না। ১০ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না।”
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এছাড়া কোনো বিকল্প নেই।” বিএনপি মহাসচিব আরও বলেন, আজকাল বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে এবং সব প্রতিষ্ঠানেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, “আগে যেখানে ১ লাখ টাকা দেওয়া লাগতো, এখন সেখানে ৫ লাখ টাকা দেওয়া লাগে। আমাদের মননে যে পরিবর্তনটা দরকার ছিল, তা হয়নি। রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িয়ে পড়ছেন, যা দেশের আরও বেশি ক্ষতি করছে।” তিনি সবাইকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান।






















