এই পরিকল্পিত ও সাজানো প্রহসন প্রত্যাখ্যান করলাম, আবিদুল ইসলাম

- ১:২৬ পিএম | ১০ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো: আবিদুল ইসলাম খান। নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্ট দেওয়ার সময় পর্যন্ত ডাকসুর পাঁচটি হলে ফল ঘোষণা শেষ হয়েছে। ওই সময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো: আবু সাদিক (সাদিক কায়েম) ৭০৭৬ ভোট পেয়েছেন, আর মো: আবিদুল ইসলাম খান ১৭৮৯ ভোট পেয়েছেন। ফলাফলের এই পর্যায়ে আবিদুল ইসলাম খান তার পোস্টে লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
এর আগে রাত পৌনে ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।






















