চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ

- ৬:১১ পিএম | ০৩ এপ্রিল ২০২৬ | শুক্রবার
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (আজ) দুপুর প্রায় দুইটার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি বন্দরে নোঙর করে।
জানা গেছে, জাহাজটির মাধ্যমে আমদানিকৃত এই ডিজেল সরবরাহ করেছে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই চালানটি গ্রহণ করেছে।
বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় ৪ লাখ টন। এই চাহিদা পূরণে চলতি মাসে আরও প্রায় সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ১ লাখ ৬৫ থেকে ১ লাখ ৬৮ হাজার টন ডিজেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, দেশের মজুদে বর্তমানে প্রায় দেড় লাখ টন ডিজেল সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে বিপিসি সূত্র।
অন্যদিকে, একই সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিপ্যাকের মাধ্যমে আরও ৩০ হাজার টন ডিজেলবাহী একটি জাহাজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি আগামী শনিবার বা রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত প্রতি মাসে ১৫ থেকে ১৬টি জ্বালানি তেলবাহী জাহাজ বাংলাদেশে আসে। তবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আমদানি সূচিতে কিছুটা বিঘ্ন ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, নির্ধারিত সূচি অনুযায়ী জাহাজ আসায় চলতি মাসে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।






















