জাকসু নির্বাচনে ভোট গণনা হবে হাতে, পরিবর্তন আনা হলো পদ্ধতিতে

- ১:৪৫ পিএম | ১১ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করার সিদ্ধান্ত থাকলেও এখন তা ম্যানুয়ালি, অর্থাৎ হাতে গোনা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে জানান, ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে বিতর্ক এবং সমালোচনা হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সব ভোট এবার হাতে গণনা করা হবে, যাতে নির্বাচন আরও স্বচ্ছ ও সুষ্ঠু হয়।”
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলকে মিলিয়ে মোট ২১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
ভোটগ্রহণের জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা সম্পন্ন হবে।






















