বিশেষ বিমানে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল

- ৪:৪১ পিএম | ১১ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কর্মকর্তারা এবং সঙ্গে যাওয়া সাংবাদিকরা। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তারা দীর্ঘদিন কাঠমান্ডুতে অবস্থান করতে বাধ্য হন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবারই তাদের দেশে ফেরানো হচ্ছে।
বুধবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে সচল হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই পৌঁছান জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পরে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিকেলের মধ্যেই দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে খেলোয়াড়দের যাত্রার তদারকি করেন। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। একই বিমানে দেশে ফিরছেন নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, আটকে পড়া জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফিরিয়ে আনতে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়েছে সরকার।
বাংলাদেশ দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে গিয়েছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও ৯ সেপ্টেম্বর নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। কারণ, তার আগের দিন ৮ সেপ্টেম্বর নেপালে ব্যাপক আন্দোলন শুরু হয়। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তারা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।
উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ দলটিকে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।


























