নির্বাচন পর্যবেক্ষণে ইইউ, ইসির সক্ষমতা বাড়াতে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস

- ৩:২৩ পিএম | ১৯ আগস্ট ২০২৫ | মঙ্গলবার
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই লক্ষ্যে তারা নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আশ্বাস দেন।
বৈঠক শেষে মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, ইইউ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং সেপ্টেম্বরে একটি বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল এখানে আসবে। তিনি জানান, ইইউ গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে এবং সবসময় গণতন্ত্রের সঙ্গে আছে।
মিলার আরও বলেন, ইইউ নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এছাড়া, নির্বাচনে ভুল তথ্য (disinformation), বিভ্রান্তিকর তথ্য (misinformation) এবং ডিজিটাল সমস্যা নিয়েও ইইউ কাজ করবে।
এর আগে, এদিন বেলা ১১টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ’র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে।






















