ভারত–বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে না: শামা ওবায়েদ

- ২:৩৩ এএম | ০৮ মে ২০২৬ | শুক্রবার
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের ওপর দাঁড়িয়ে রয়েছে। তাই কোনো একটি রাজ্যের রাজনৈতিক পরিবর্তন এই সম্পর্ককে প্রভাবিত করবে না।
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশ সবসময় নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর, যা কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।”
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, এসব বিভ্রান্তিকর তথ্যকে গুরুত্ব না দিয়ে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে।
এদিকে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা সাময়িকভাবে সীমিত হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি জানান, ভিসা কার্যক্রম পুরোপুরি চালু করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে এবং অচিরেই এর ইতিবাচক ফল পাওয়া যাবে।






















