কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

প্রিন্স আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি
- ১১:৫৫ পিএম | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | বুধবার
নড়াইলের কালিয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের চড়কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোহেল মেম্বার ও আবেদ শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে সোহেল মেম্বারের পক্ষের লোকজন আবেদ শেখের পক্ষের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে অপর পক্ষ পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ছোড়া গুলিতে দুই পক্ষের ১১ জন আহত হন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।





















