পিরোজপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

- ১২:২৬ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন ভবন দুটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নতুন ভবন দুটি পিরোজপুরে মানসম্মত শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। পুরোনো ভবনগুলোর অবস্থা বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুই শিফটে শ্রমিক নিয়োগ করে নির্ধারিত সময়ের দুই মাস আগেই নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের কাজও সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিযী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বল।
এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দুই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
নতুন ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের আশা, এতে শ্রেণিকক্ষের সংকট কমবে এবং পাঠদানের পরিবেশ উন্নত হবে।





















