পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

- ১২:২০ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশকর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের জেলা শাখা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সৌরভ গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি। মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
কর্মসূচিতে গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, অভিযুক্ত মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে বিলম্ব মেনে নেওয়া হবে না। তাঁদের দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন গ্রিন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।
কর্মসূচি শেষে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধিদল অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলার মণ্ডলহাট বাজারে সৌরভের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুম বিল্লাহ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।





















