একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

- ৩:২৫ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং তা প্রতিহত করা হবে। আজ রবিবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা অংশগ্রহণকারী দলগুলোর ওপর নির্ভর করে। নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা ঠিক রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি বলেন, “জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, “সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবিলা করতে হবে।”
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে ১৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। তিনি বলেন, “বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে কিন্তু অনেকেই সেটা না করে রাস্তাঘাট দখল করে ফেলে। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।”
জাতীয় পার্টির অফিসে গতকাল আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, “পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে।”






















