কটিয়াদীর হাওরে মাছের পোনা অবমুক্ত

- ১:৫২ এএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও হাওরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি প্রাতিষ্ঠানিক পুকুর ও একটি উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ সময় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সম্মিলিত প্রচেষ্টায় কটিয়াদীর জলাশয়গুলো দেশীয় মাছে সমৃদ্ধ হলে স্থানীয় জনগোষ্ঠী ও গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে।





















