নরসুন্দা নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ

- ১০:২৪ পিএম | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর মোড় ঈদগাহ মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন ব্যক্তি শ্রীপুর মোড় ঈদগাহ মাঠের পাশ দিয়ে নদীর তীর ধরে যাচ্ছিলেন। এ সময় তারা নরসুন্দা নদীর পানিতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে ভাসমান অবস্থায় থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তারা হতবাক। কে বা কারা মরদেহটি নদীতে ফেলে গেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন তারা।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















