আগামী নির্বাচনে বাংলাদেশের যে সরকারই আসুক সমর্থন করবে ভারত

- ৫:৩৩ পিএম | ০৬ অক্টোবর ২০২৫ | সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক, তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
সোমবার ৬ অক্টোবর নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হোক না কেন, ভারত তাদের সঙ্গেই কাজ করবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন বিক্রম মিশ্রি।
তিনি বলেন ভারত যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়।
সেই প্রক্রিয়ায় যে সরকারই ক্ষমতায় আসুক, আমরা তাদের সহযোগিতা করব।
ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশ ভারতের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত প্রতিবেশী দেশ।
তাই দুই দেশের সম্পর্ক টিকিয়ে রাখতে উভয় পক্ষকেই প্রতিহিংসামূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।
বিক্রম মিশ্রি জানান, অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম বিশ্বনেতা হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছেন।
ভিসা নীতিমালা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, যদিও বর্তমানে ভিসা কার্যক্রম কিছুটা সীমিত, তবুও ঢাকা এখনো বিশ্বব্যাপী ভারতীয় ভিসার সবচেয়ে বড় উৎস।
ভারত সবসময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে গুরুত্ব দেয়।
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিক্রম মিশ্রি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয়।
বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার দিকেই তাদের মনোযোগ।
চরমপন্থার উত্থান ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি বিষয়, তাই এ বিষয়ে মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়।






















