কাজে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

- ৬:০৮ পিএম | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার
১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আবারও তার মূল কর্মক্ষেত্রে ফিরেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে তিনি অফিস কার্যক্রমে অংশ নেন।
ইউনূস সেন্টারে পৌঁছালে কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। দীর্ঘ সময় পর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হওয়ায় কর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আগ্রহ। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিভাগের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে গ্রামীণ সংগঠনসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন ড. ইউনূস। বৈঠকে সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি মাসের শেষ নাগাদ ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার—এ তথ্য নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।
ড. ইউনূসের এই প্রত্যাবর্তনকে অনেকেই সামাজিক ব্যবসা ও মানবিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে আবারও তিনি গবেষণা, সামাজিক উদ্যোগ ও আন্তর্জাতিক যোগাযোগে মনোনিবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।






















