বিমানবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

- ১:৫৮ পিএম | ১১ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও তাদের সঙ্গে থাকা সাংবাদিকরা। নেপালে চলমান অস্থিরতার কারণে দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে সবাইকে। আজ তারা বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ বিমানে ঢাকায় পৌঁছাচ্ছেন।
নেপাল সফরের শুরুটা একেবারেই ভিন্ন ছিল। দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র দিয়ে শেষ করেছিল জামাল ভূঁইয়ারা ও তার দল। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি চলাকালীনই নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত ভয়াবহ আকার নেয়। বাংলাদেশ–নেপালের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়।
পরিস্থিতি আরও জটিল হয়, যখন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ফলে দলের ঢাকা ফেরার পরিকল্পনা স্থগিত হয় এবং খেলোয়াড় ও সাংবাদিকদের দুদিন উৎকণ্ঠার মধ্যে কাটাতে হয়।
অবশেষে, গতকাল সন্ধ্যার পর স্বস্তির খবর আসে। নিশ্চিত হয় যে বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সবাই দেশে ফিরবেন। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফার) পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় খেলোয়াড়দের বিমানবন্দরে পৌঁছে দেয়। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে বিশেষ ফ্লাইটটি ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করবে।
ঢাকা থেকে পাঠানো বিমান অবিলম্বে যাত্রীদের নিয়ে দেশে ফিরে আসবে। সকলকে রাত ৯টার মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসারে বাংলাদেশ দল প্রস্তুত রয়েছে। বিমানবন্দরে উপস্থিত থাকবেন নেপালে বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান, যারা খেলোয়াড় ও সাংবাদিকদের দেশে ফিরিয়ে আনবেন।






















