ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিক দোষী সাব্যস্ত

- ৭:৪৬ পিএম | ০৭ মার্চ ২০২৬ | শনিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইরানের রেভোল্যুশনারি গার্ডসের যোগাযোগ ছিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল আদালতে চলা বিচারে প্রসিকিউটররা জানান,
আসিফ রাজা মার্চেন্ট নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনো রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি খোঁজার চেষ্টা করেছিলেন।
তদন্তকারীরা বলছেন, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের প্রভাবশালী সামরিক নেতা কাসেম
সোলেইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই ষড়যন্ত্রের সূত্রপাত হয়।
বিচারের সময় মার্চেন্ট আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, তেহরানে থাকা তাঁর পরিবারকে রেভোল্যুশনারি গার্ডসের হুমকি থেকে রক্ষা করতে তাঁকে এই পরিকল্পনায় জড়াতে বাধ্য করা হয়েছিল।
তিনি দাবি করেন, কোনো হত্যাকাণ্ড ঘটার আগেই তিনি ধরা পড়বেন—এমনটাই ভেবেছিলেন।
আসিফ রাজা মার্চেন্ট আরও জানান, তাঁকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি।
তবে তাঁর ইরানি যোগাযোগকারী তিনজন মার্কিন ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
মার্কিন প্রসিকিউটরদের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, মার্চেন্টের বিরুদ্ধে আনা দুইটি অভিযোগ—
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও ভাড়াটে খুনের ষড়যন্ত্র—আদালতে প্রমাণিত হয়েছে।
শিগগিরই তাঁর সাজা ঘোষণা করা হবে এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই ষড়যন্ত্র ইরানের দীর্ঘদিনের কৌশলেরই অংশ। যুক্তরাষ্ট্রের মতে, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রোধ করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ত্যাগের পরিকল্পনা করার সময় আসিফ রাজা মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।






















