ডাকসু ফলাফলে সংঘর্ষ এড়াতে বিএনপি-জামায়াতকে সরকারের সতর্ক বার্তা

- ৫:৩৬ পিএম | ১০ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে নিজ নিজ ছাত্র সংগঠনকে নির্দেশনা দিয়েছে বিএনপি ও জামায়াত। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সরকারের পক্ষ থেকে দল দুটির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পর ছাত্রদল ও ছাত্রশিবিরকে এ নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতেই এ নির্দেশনা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিশৃঙ্খলা বা সংঘর্ষ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা দমন করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা নিশ্চিত করেছি যে ছাত্রদল সংঘর্ষ বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।” জামায়াতে ইসলামীর এক নায়েবে আমিরও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সরকারের পক্ষ থেকে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছাত্রশিবির বা জামায়াতের বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। তবে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।”
রাজনৈতিক দল দুটির একাধিক সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও দুই দলের নেতাদের সঙ্গে কথা বলেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনের দিনে ভোটের আচরণবিধি লঙ্ঘন এবং কারচুপির অভিযোগ করেন ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে অবস্থান নেন। ভোট চলাকালে বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকায় এবং জামায়াতের নেতাকর্মীরা শাহবাগ ও নিউমার্কেট এলাকায় উপস্থিত থাকেন। শাহবাগের একপাশে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন।
সন্ধ্যার পর মহানগর ছাত্রদল বাংলা মোটর এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে অংশ নেন। জামায়াতও শাহবাগে অবস্থান ধরে রাখায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এরপরই সরকারের পক্ষ বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার উদ্যোগ নেয়।






















